২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীন চেয়ারম্যানের জামিন বাতিল চেয়ে আবেদন

তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 10:33 AM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে এ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জেলা ও দায়রা জজ আবদুল মজিদ আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন।”

রিভিশন আবেদনে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতের প্রতি শ্রুদ্ধা নেই। তাদের অহহেলার কারণে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারা জামিন পেলে সাক্ষীদের ভয়ভীতি দেখাতে পারেন। এ জন্য জামিন বাতিল হওয়া জরুরি।

এর আগে সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিন নামঞ্জুর করলেও মাহমুদা আক্তারের আবেদন গ্রহণ করেন।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।

ওই ঘটনার মামলায় গত ২২ ডিসেম্বর দেলোয়ার ও মাহমুদাসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।

অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর ধারা যুক্ত রয়েছে।

স্ত্রীর জামিন, দেলোয়ারের আবেদন নাকচ