২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হোটেলে তরুণীকে জবাই

নারায়ণগঞ্জের একটি আবাসিক হোটেলে কথা কাটাকাটির জের ধরে তরুণীকে হত্যার পর পালাতে গিয়ে আটক হয়েছেন এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 01:29 AM

Updated : 01 Sep 2026, 12:24 PM

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের এক নং রেলগেইট এলাকার রূপায়ন আবাসিক হোটেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত তরুণীর বয়স বা নাম জানাতে পারেনি পুলিশ।

এই ঘটনায় আটক সাইদুর রহমান(২৩) ব্যাটারি চালিত অটোরিকশা চালক বলে পুলিশকে জানিয়েছে। তিনি ফতুল্লা উপজেলার পঞ্চবটি এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল মিয়া সাংবাদিকদের জানান, বিকালে রূপায়ন আবাসিক হোটেলের চার নম্বর কক্ষ ভাড়া নেয় সাইদুর রহমান।

রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই সাইদুর রহমান তার ভাড়া নেয়া কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হোটেলের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে ওই কক্ষ থেকে তরুণীর জবাই করা লাশ ও রক্তমাখা ধারালো ছোরা উদ্ধার করে।

লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ কমর্কর্তা শাহজালাল মিয়া বলেন, কয়েকমাস আগে মোবাইল ফোনে নিহত তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে সাইদুর দাবি করছে।

“আজ (মঙ্গলবার) ওই তরুণীকে তিনি শহরে আসতে বলে তাকে নিয়ে হোটেলে ওঠেন। রাতে তাদের মধ্যে ঝগড়া হলে সাইদুর তরুণীকে ধারালো ছোরা দিয়ে জবাই করেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।”

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা শাহজালাল জানান।