ইউসুফের দাফন সম্পন্ন
কারাবন্দি অবস্থায় মারা যাওয়া যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা একেএম ইউসুফের দাফন বাগেরহাটের শরণখোলায় নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ইউসুফের জন্মস্থান রাজৈর গ্রামে অনুষ্ঠিত জানাজায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং স্থানীয় বিএনপি নেতাদের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খোকনকেও অংশ নিতে দেখা যায়।
রোববার গাজীপুরের কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলা ১১টার দিকে ইউসুফকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
মঙ্গলবার সকালে রাজৈর গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান সোহরাব চৌকিদার নামে এক ব্যক্তি। তার সঙ্গেই ইউসুফের জানাজা অনুষ্ঠিত হয়। এর পরপরই নিজ বাড়িতেই ইউসুফকে দাফন করা হয়।
শরণখোলায় ইউসুফের লাশ দাফন করায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম সাক্ষী এম এ খালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাওলানা ইউসুফ কেবল রাজাকার বাহিনী প্রতিষ্ঠাই করেননি, তিনি বাহিনী নিয়ে নিজে এই এলাকায় মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে হত্যা করেছেন।
“তার লাশ আসছে বুঝতে পারলে আমরা তার মরদেহ এই মাটিতে দাফন করতে দিতাম না।”
জানাজায় ছাত্রশিবির নেতা লাঞ্ছিত
ইউসুফের জানাজা শুরুর আগে বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি আজমল হোসাইন মাওলানা ইউসুফের মৃত্যুর জন্য সরকারকে অভিযুক্ত করে আপত্তিকর বক্তব্য দেয়।
এতে জানাজায় অংশগ্রহণকারীরা ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন তারা। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আজমলকে পাশের একটি বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
জানাজা শেষে শরণখোলা থানা পুলিশ আজমলকে গ্রেপ্তারের জন্য খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কথা বলার জন্য জেলা ছাত্রশিবিরের সভাপতি আজমল হোসাইনের সাথে বিকেল থেকে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
