২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির নৃবিজ্ঞানের ফল শিগগির প্রকাশের আশ্বাস

পরীক্ষার ১৩ মাসেও ফল না পেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের তালা ঝোলানোর পর দশ কার্যদিবসে ফল প্রকাশের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 09:59 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেনের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধি দল বৈঠক করে এ আশ্বাস দেয়।  এরপর শিক্ষার্থীদের তালা খুলে দেয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে জানানো হয়, সফটওয়্যারের সমস্যার কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এরপর নৃবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে বিভাগের অফিস, বিভাগীয় প্রধানের অফিস ও শ্রেণিকক্ষের তালা খুলে দেন।

পরীক্ষার ১৩ মাসেও ফল না পেয়ে গত দুই বছরের মতো সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে তালা দিয়েছেন ক্ষুব্ধ ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

একই দাবিতে এর আগে ২০১৩ সালের ১৪ মার্চ ২০০৭-০৮ শিক্ষাবর্ষের এবং ২০১২ সালের ১৬ জুলাই ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান, বিভাগের অফিস ও শ্রেণিকক্ষে তালা লাগিয়ে অবস্থান ধর্মঘট করেছিলেন। দুবারই তালা লাগানোর পরপর স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০১৩ সালের জানুয়ারি মাসে স্নাতক চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। এরই মধ্যে তারা স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের ক্লাসও শেষ করেছেন।