ডিএসইর নতুন ‘সার্ভেইল্যান্স সফট্ওয়্যার’ চালু
পুঁজিবাজারকে আরো বেশি স্বচ্ছতার সঙ্গে পর্যবেক্ষণের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন সার্ভেইল্যান্স সফট্ওয়্যার চালু করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন সফটওয়্যারটির উদ্বোধন করেন।
এ সময় এম খায়রুল হোসেন বলেন, “একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুঁজিবাজার সৃষ্টিতে এটি একটি নতুন সংযোজন।”
ডিএসই সভাপতি আহসানুল ইসলাম টিটু বলেন, “নতুন সার্ভেইল্যান্স সফটওয়্যার চালু হওয়ার সময় বিএসইসির কমিশনারদের উপস্থিতিই প্রমাণ করে পুঁজিবাজার উন্নয়নে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।”
আধুনিক সার্ভেইল্যান্স সফটওয়্যার স্থাপনে ২০১২ সালের নভেম্বরে ডিএসই সুইডেন ভিত্তিক কোম্পানি ট্রাপেটস এবি’র সঙ্গে চুক্তি করে । ট্রাপেটস এবির স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল সিআইবিএল ।
মঙ্গলবার সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, এ সালাম শিকদার, ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান খান প্রমুখ।
