সরকারের কাছে শিক্ষিত বেকারের সংখ্যা নেই
দেশে শিক্ষিত বেকারের সংখ্যা সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার জাতীয় সংসদে ফেনী-৩ আসনের সাংসদ রহিম উল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত লেবার ফোর্স সার্ভে ২০০৫-২০০৬ অনুযায়ী দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২ দশমিক ১ মিলিয়ন। তবে শিক্ষিত বেকারের সংখ্যা সম্পর্কে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে পৃথক কোনো তথ্য নেই।”
নওগাঁ-৩ আসনের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, শ্রম আইনের বিধি প্রণয়নের কাজ চলছে। এ কাজের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
“একটি ওয়ার্কিং গ্রুপ এই বিধির খসড়া প্রণয়ন করেছে। আশা করা যাচ্ছে শিগগিরই বিধিমালাটি চূড়ান্ত করা সম্ভব হবে।”
এছাড়া মৎস্য শিকারি ট্রলার ইন্ডাস্ট্রি, স’ মিল, জুট প্রেস অ্যান্ড বেলিং, পেট্রোল পাম্প খাতের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ১১১ জন শ্রমিকের মধ্যে সনাক্ত ৯৯ জনের পরিবারকে এক লাখ করে মোট ৯৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
তহবিল পাওয়া সাপেক্ষে হতাহতদের আরো সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
