গণমাধ্যমকে হেফাজতের হুমকি
একটি টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে হেফাজতে ইসলাম নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্যচিত্র প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করে তা থেকে বিরত থাকতে বলেছে মাদ্রাসাভিত্তিক সংগঠনটির নেতারা।
অন্যথায় এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন তারা। হুমকি দেয়া হয়েছে সাংবাদিকদের ওপর হামলারও।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, “হেফাজত ইসলামের সাথে সংবাদিকদের ভালো সম্পর্ক। আমাদের মাঝে যেন কোন ফাটল না ধরে সেজন্য এ সংবাদ সম্মেলন।
“আজকের পর থেকে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর কোনো সংবাদ পরিবেশন করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
চট্টগ্রামভিত্তিক এ সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, “হেফাজত ইসলামের আন্দোলনের একবছর পূর্তি নিয়ে একাত্তর টিভিসহ কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্যচিত্র প্রকাশ করে আমাদের বিরুদ্ধে বিষোদগার করছে। এজন্য আমাদের সাথে সাংবাদিকদের ভুল বোঝাবুঝি হচ্ছে।”
“এজন্য হেফাজত ইসলামের মিছিল সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা হতে পারে।”
লিখিত বক্তব্যে আজিজুল হক ইসলামাবাদী বলেন, “বর্তমানে কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া হেফাজত ইসলাম, কওমী মাদ্রাসা ও আলেম ওলামাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করেছে।”
একাত্তর টিভির সমালোচন করে তিনি বলেন, “চ্যানেলটি ‘হেফাজত নামা’ শীর্ষক একটি বিতর্কিত প্রতিবেদন সম্প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে।বিদেশি অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের সাথে সাথে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য এটি পরিকল্পিত চক্রান্ত।”
তিনি বলেন, “দায়িত্বশীল কারো বক্তব্য না নিয়ে একাত্তর টিভিসহ কিছু ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া মিথ্যা, ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংক্ষুব্ধ করতে চাইছে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।”
তিনি বলেন, “এর প্রতিবাদে দেশের আলেমরা রজপথে নেমে আসলে আন্তর্জাতিক বিশ্বের কাছে তাদের জঙ্গি ও সন্ত্রাসী অপবাদ দিয়ে দেশকে আগ্রাসনের মুখে ঠেলে দিতে পারবে। এতে করে দেশকে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিয়ে দেশ থেকে ইসলাম নির্মূলের পথ সুগম হবে।”
গত বছরের ৫ মে মতিঝিলে হেফজতে ইসলামীর সমাবেশ ঘিরে সহিংসতার দায় তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ইসলামাবাদী।
“একটি মহল তাদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে,” বলেন তিনি।
এদিকে আগামী ৩ ও ৪ এপ্রিল শানে রেসালাত সম্মেলনের ডাক দিয়ে কর্মসূচি সফল করতে দেয়ার জন্য সরকারের কাছে সর্বাত্মক সহযোগিতা চান হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী।
হেফাজতি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় হেফাজত নেতা মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে পুলিশের অভিযোগপত্র দেয়ার বিষয়ে প্রশ্ন করলে প্রসঙ্গটি এড়িয়ে যান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম নগরের সভাপতি হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ইলিয়াছ ওসমানি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হাফেজ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
