পটুয়াখালীতে বিএনপিকর্মীর রগ কর্তন
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির এক কর্মীকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
সোমবার রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলার মোস্তফাপুর এলাকায় মো. নাসির হাওলাদারের (৪০) ওপর এ হামলা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।
কলাপাড়া থানার ওসি মো. তারেকুজ্জামান তারিক জানান, গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করার পর রাতে তাকে ঢাকায় পাঠানো হয়।
নাসির স্থানীয় বিএনপির কর্মী বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নাসির মোস্তফাপুর বাজার থেকে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির উদ্দিনের নেতৃত্বে কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কোপায়।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো বলেন, নাসিরের হাত ও পায়ের রগ কেটে গেছে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, আহত নাসির স্থানীয় বিএনপি সমর্থক ব্যবসায়ী মো. আইয়ুব আলী গ্রুপের কর্মী।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা জহির উদ্দিনসহ কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্ট করেও তাদের পাওয়া যায়নি।
