ভারতে সাজা খেটে দেশে ফিরলেন ১২ নারী
ভাল চাকরির আশায় অবৈধভাবে ভারতে যাওয়ার পর দুই বছর সাজা খেটে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি নারী।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোমবার বিকালে বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, ভারত সরকারের দেয়া বিশেষ পাসে তারা দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের একটি শিশু সন্তানও আছে।
হস্তান্তরের পর তাদের বেনাপোল পোর্ট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়।
সুবেদার আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা এই নারীদের ভারতে পাচার করে। কলকাতা শহরে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা। অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের দুই বছর কারাদণ্ড দেয়।”
সাজা শেষ হলে তাদের কলকাতার ‘বেঙ্গল সোসাইটি শেল্টার হোমে’ রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেন।
এই ১২ জন হলেন- রূপা খাতুন (২৪), শোভা শেখ (২৫), সালেহা বেগম (৩০), ঝর্ণা বেগম (২৩), বেবী খাতুন (১৯), বিথি বেগম (২৫), রানী সর্দার (২৮), আশা রানী (২৩), জেসমিন আক্তার (২৬), নূর জাহান (৩১), জুলি খাতুন (২২) ও হামিদা বেগম (২৪)।
তাদের সবার বাড়ি নড়াইল, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়।
