২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাজারে ডাকাতি

ফেনী শহরে গহনার দোকানে ডাকাতির তিন দিনের মাথায় সোনাগাজী উপজেলায় একটি বাজারে ডাকাতি হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 11:24 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার ভোর রাতে ওলামা বাজারে দুটি দোকান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলেও তিনি জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল বাশার জানান, ভোর রাতে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় বাজারের সব দোকানপাঠ বন্ধ থাকায় ডাকাতরা বাজারের নিরাপত্তা প্রহরী বাহার মিয়া ও আবুল হাসেমকে মারধর করে বেঁধে রাখে।

পরে তার (আবুল বাশার) কাপড় দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে নগদ পনের হাজার টাকা ও তিন লাখ টাকার বিভিন্ন ধরনের কাপড় ও মালামাল নিয়ে যায়।

একই সময় বাজারের অপর ব্যবসায়ী আবুল কাশেমের ডিপার্টমেণ্টাল স্টোরের দরজা ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা ও লক্ষাধিক টাকার মালামাল লুট করে তারা।

গত শনিবার সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের খাজা আহম্মদ সড়কে আবেদীন জুয়েলার্সে শতাধিক সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ডাকাতি করে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা ৩১২ ভরি স্বর্ণালংকার লুট করে, যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা।