অপহরণকারী সন্দেহে পিটুনি, ২ নারী আটক
ঢাকার ধামরাই উপজেলায় শিশু অপহরণকারী সন্দেহে দুই নারীকে মারধরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
সোমবার দুপুরে আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় এ সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের গাড়ি ভাংচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এছাড়া সন্দেহভাজন অপহরণকারী দুই নারীকে আটক করা হয়।
আটক শিল্পি আক্তার (২৮) ও কুলসুম আক্তার (১৬) পিরোজপুর জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। গণপিটুনিতে আহত হওয়ায় তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।
ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর হামলায় তিনিসহ আরো চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এছাড়াও এলাকাবাসীর মধ্যে আক্কাস আলী, মোকসেদ আলী, রেজিয়া বেগম, আব্দুস সাত্তার ও আমজাদ হোসেন নামের পাঁচজনও আহত হন।
আহতরা সবাই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান এসআই কামাল।
তিনি জানান, দুপুর ২টার দিকে কালো বোরকা পরা দুই নারী নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির দুই ছাত্রকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অপহরণকারীদের পিছু নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া ব্রিজের কাছে গিয়ে তাদের ধরে ফেলেন।
পরে নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে ক্ষুদ্ধ এলাকাবাসী তাদের গণধোলাই দেয় বলে জানান তিনি।
এসআই কামাল জানান, খবর পেয়ে পুলিশ জনতার রোষানল থেকে আহত দুই অপহরণকারীকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
এদিকে ঘটনাটি ধামরাই-সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সাটুরিয়া থানার ওসি ইমাম হোসেন।
রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় ধামরাই থানায় কোনো মামলা করা হয়নি বলে জানান এসআই মোস্তফা কামাল।
