২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিমানের সিবিএ নেতাদের হাজিরে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়’

দুর্নীতি-অনিয়মের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শ্রমিক লীগের ১৭ নেতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় রুল জারি করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 07:37 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।

বিমানের ‍দুর্নীতি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন আইন অনুসারে বিমানের ১৭ সিবিএ নেতাকে হাজিরে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।

বেসামরিক বিমান সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিমানের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

দুদকের তলবি নোটিস সত্ত্বেও ওই ১৭ নেতার জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ার বিষয়ে সম্প্রতি একটি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি-অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিমান শ্রমিক লীগের ১৭ নেতাকে জিজ্ঞাসাবাদে হাজির হতে নোটিস দেয় দুদক। কিন্তু নেতারা কেউই ওই নোটিসে সাড়া দেননি।

নোটিস পাওয়া নেতারা জানান, তারা দুদকের যে কোনো পদক্ষেপ আইনগতভাবে মোকাবেলা করবেন।

পরে গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ওই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন।

সোমবার শুনানিতে মনজিল মোরসেদ বলেন, দুদক এর আইনের ১৯(১)(ক) ধারায় দুর্নীতির তদন্ত, অনুসন্ধান, সমন জারি এবং তথ্য প্রদানের জন্য নির্দেশনা দিতে পারে। এ বিষযে নেয়া পদক্ষেপ মানা বাধ্যতামূলক। কেউ তা অমান্য করলে ৩ বছরের শাস্তিও হতে পারে।

বিমানের সিবিএ নেতারা দুদকের নির্দেশনা অমান্য করলেও তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেয়া হয়নি, যা আইনের ব্যত্যয়, বলেন এই আইনজীবী।