বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী
নীলফামারী সদরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী।
রোববার রাতে টুপামারী ইউনিয়নের দাউদ গ্রামে এ ঘটনায় ছেলে ও মেয়ে উভয়ের অভিভাবককে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।
টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাউদ গ্রামের নন্দলাল রায়ের ছেলে গৌতম চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে ঠিক করে একই গ্রামে বসবাসকারী বিশ্বনাথ রায়ের মেয়ের পরিবার।
একই ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য প্রহলাদ চন্দ্র রায়ের লিখিত অভিযোগ পেয়ে রাতে সদর উপজেলার ইউএনওর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করে।
ইউএনও মো. সাবেত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই পক্ষের অভিভাবককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয় ।
জরিমানা দেয়ার পর উভয় পরিবার উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা দিয়েছে বলে জানান তিনি।
রোববার রাতে উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ গ্রামে বিয়ের সব প্রস্তুতির শেষ মুহুর্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.সাবেত আলী উপস্থিত হয়ে এ বাল্য বিয়ে বন্ধ করেন।
