চার মাস পর লাশ উত্তোলন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মৃত্যুর চার মাস পর ময়নাতদন্তের জন্য এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ।
সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজীজ হায়দার ভূঁইয়ার উপস্থিতিতে নরসুন্দর রবি লাল দাসের (৩৫) লাশ তোলা হয়।
গত ৮ অক্টোবর দেওডোর গ্রামের রবি লাল দাসের (৩৫) মৃত্যু হয়। হিন্দু সম্প্রদায়ের লোক হলেও তাদের সমাজে প্রচলিত রীতি অনুযায়ী মৃত্যুর পর মাটি দেয়ার নিয়ম রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, গত বছরের ৬ অক্টোবর ভোরে রবি লাল দাসের মৃত্যু হয়। ওই সময় তার পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
চলতি বছরের ১৬ জানুয়ারি রবির স্ত্রী সুমিতা রাণী দাস বাদী হয়ে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে লাশের ময়নাতদন্তের আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত ১৯ জানুয়ারি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন এবং ময়নাতদন্তের নির্দেশ দেয়।
সুমিতার মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে দেওডোর গ্রামের নতুন বাজারে রবি লাল দাসের সেলুনে স্থানীয় জয়নাল আবেদীন, জামাল উদ্দিন ও কামরুল ইসলাম তুচ্ছ ঘটনায় তাকে কিল, ঘুষি ও লাঠিপেটা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রভাবশালীদের চাপে তার পরিবার ওই সময় আইনের আশ্রয় নিতে পারেনি বলেও মামলায় উল্লেখ করা হয়।
