হল-মার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন বাতিল
সম্পদের হিসাব না দেয়ার হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে দেয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ১৯ জানুয়ারি হাই কোর্ট তাকে জামিন দিয়েছিলো। আপিল বিভাগ তার জামিন বাতিল করেছে। এখন আইন অনুসারে তাকে গ্রেপ্তার করা যাবে।
আপিল বিভাগের আদেশে দেখা যায়, দুদকের আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ হাই কোর্টের রায় বাতিল করে দেয়।
জেসমিন ইসলামের সম্পদের হিসাব চেয়ে গত ১৩ নভেম্বর নোটিস দেয় দুদক। সময় বাড়ানোর পরও হিসাব না দেয়ায় ১২ ডিসেম্বর রমনা থানায় দুদকের উপ সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সোনালী ব্যাংক থেকে হল-মার্কের ঋণ জালিয়াতির ঘটনায় গত ৭ অক্টোবর প্রতিষ্ঠানটির এমডি তানভীর মাহমুদ-জেসমিন ইসলামসহ ২৫ জনের বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
দুদকের কমিশনার (তদন্ত) সাহাবউদ্দিন চুপ্পু সাংবাদিকদের জানান, সোনালী ব্যাংকের ১২০০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
অভিযোগপত্রে যাদের নাম এসেছে তারা হলেন- হল-মার্কের এমডি মো. তানভীর মাহমুদ, তার স্ত্রী হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা ও হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ; ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া,সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মালিক মো. জিয়াউর রহমান, কর্মকতা মো. জাহাঙ্গীর আলম, অ্যাপারেল এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম,স্টার সিপিনিংয়ে মালিক আবদুল বাসির।
এছাড়া টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, প্যারাগন গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক, সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকারের নামও এসেছে।
সোনালী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, কর্মকর্তা মো. সাইফুল হাসান, আবদুল মতিন ও মেহেরুন্নেসা মেরি, ননী গোপাল নাথ, মফিজইদ্দিন, মীর মহিদুর রহমান, হুমায়ুন কবির, মাইনুল হক, আতিকুর রহমান, শেখ আলতাফ হোসেন, মো. সফিকউদ্দিন আহমেদ ও মো. কামরুল হোসেন খান।
জেসমিন ইসলাম এই ১১ মামলায় জামিনে রয়েছেন। আর কারাগারে থাকা সাত জন হলেন- তানভীর মাহমুদ, তুষার আহমেদ, একএম আজিজুর রহমান, মীর মহিদুর রহমান, শেখ আলতাফ হোসেন, মো. সফিজ উদ্দিন, মো. আতিকুর রহমান।
২০১২ সালের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক।
