২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী নিয়ে ‘মহা পরিকল্পনার’ কথা বললেন আনিস

নদী নিয়ে ‘মহা পরিকল্পনার’ কথা বললেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 11:51 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছিলেন, নদীর নাব্যতা রক্ষায় এবং বন্যার প্রকোপ হ্রাসে মূল নদীগুলোর ক্যাপিটাল ড্রেজিং করা হবে এবং এ কাজ চলতে থাকবে।

মহাজোট সরকারের পাঁচ বছর পর সংসদের বিরোধী দল জাতীয় পার্টি থেকে মন্ত্রিত্ব পাওয়া আনিসুল ইসলাম মাহমুদ রোববার বললেন, “নদীগুলোর নাব্যতা রক্ষা, পানির প্রাপ্যতা এবং পানি সংরক্ষণ নিয়ে এই মহাপরিকল্পনা নেয়া প্রয়োজন।”

আওয়ামী লীগের সদস্য পঙ্কজ দেবনাথের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, নদীর নাব্যতা রক্ষায় বেশ কয়েকটি অত্যাধুনিক ড্রেজার কেনা হয়েছে। খুব শিগগিরই এগুলো দেশে এসে পৌঁছাবে।

পানিসম্পদমন্ত্রীর প্রশ্নোত্তর চলার সময় স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম একাধিকবার সম্পূরক প্রশ্ন করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।

বেশ কিছুক্ষণ পরে স্পিকার ফ্লোর দিলে তিনি ঢাকার বাকল্যান্ড বাঁধের ওপর রাস্তার দুরবস্থার কথা তুলে ধরেন।

“একবার ঘুইরা ধুলা-বালি খাইয়া যায়েন। ওই রাস্তা দিয়ে যারা যায়, তারা একবার করে প্রধানমন্ত্রী আর লোকাল এমপির কথা মনে করে।”

জবাবে আনিসুল ইসলাম বলেন, “আমকে দেখতে হবে, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে। কোন মন্ত্রী এই প্রশ্নের উত্তর দিতে পারবে।”