২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশয় ছাপিয়ে জমজমাট বইমেলার দুই অংশই

বাংলা একাডেমির প্রাঙ্গণ ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃতিতে এবারের একুশে গ্রন্থমেলার সফলতা নিয়ে সংশয় ছিল অনেকের।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

প্রথম দিকে বইপ্রেমী আর দর্শনার্থীরা কিছুটা বিভ্রান্তিতে থাকলেও শুরুর সেই বিভ্রান্তি কেটে নবম দিন রোববার মেলার দুই অংশই ছিল জমজমাট।

বাংলা একাডেমি প্রাঙ্গণে স্থানাভাবে এবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হয় মেলা। সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা করে দেয়া হয়েছে প্রকাশনা সংস্থাগুলোকে। একাডেমি প্রাঙ্গণে রয়েছে লিটল ম্যাগ, শিশু প্রকাশনা সংস্থা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

বাংলা একাডেমির নিজস্ব স্টলে তিন খণ্ডের ‘বিবর্তনমূলক বাংলা অভিধান’ দেখছিলেন রামপুরা থেকে আসা মৌমিতা বর্মণ।

তিনি বলেন, “আজই প্রথম মেলাতে এসে জানলাম মেলা দুই জায়গায় হচ্ছে। কিন্তু প্রথমেই ছুটে এলাম একাডেমি প্রাঙ্গণে। কারণ, ছোটবেলা থেকেই এ প্রাঙ্গণেই মেলা দেখে অভ্যস্ত। এখানে ঘুরে পরে উদ্যানের অংশে যাব।”

বাংলা একাডেমির স্টলে সহকারী অনুবাদক জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আাসছেন। অভিধানগুলোই তারা বেশি পছন্দ করছেন। এর মধ্যে প্রমিত বাংলা অভিধান ও বিবর্তনমূলক বাংলা অভিধান বেশি বিক্রি হচ্ছে।”

এছাড়া রবীন্দ্র আলোকচিত্র নিয়ে ‘তুমি কি কেবলই ছবি’ ও করুণাময় গোস্বামীর সঙ্গীত কোষের প্রতিও পাঠকের চাহিদা রয়েছে বলে জানান তিনি।

একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের স্টল সাজানো হয়েছে ৭০,৮০ ও ৯০ এর দশকের বিভিন্ন বাংলা সিনেমার পোস্টার দিয়ে। এর মধ্যে স্থান পেয়েছে পূর্ব বাংলার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র পোস্টারও।

স্টলের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বলেন, “এখানে মূলত বাংলা চলচ্চিত্রের ওপর বিভিন্ন প্রকাশনা পাওয়া যাচ্ছে। এর  মধ্যে রুবাইয়াৎ আহমেদ এর ‘তারেক মাসুদ’ ও নন্দিতা তাবাসসুমের ‘লালনের জীবনী নির্ভর চলচ্চিত্র লালন দর্শনের রেসপন্স’ এর প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশি।”

শিল্পকলা একাডেমির স্টলে শহীদ আব্দুল কাদের বলেন, “মূলত শিল্পকলা, নাচের গানের সিডি এবং নাটকের প্রকাশনার দিকে সাধারণের আগ্রহ বেশি।”

এছাড়াও বিভিন্ন পোস্টার ও শিল্পকলা প্রদর্শনীর ক্যাটালগেরও চাহিদা রয়েছে বলে জানান তিনি।

একাডেমি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, এশিয়াটিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ প্রায় সব স্টলেই আগ্রহীদের ভিড় দেখা গেছে। আর লিটল ম্যাগ চত্বরে তরুণ লেখক, প্রকাশক ও দর্শনার্থীদের আড্ডা তো ছিলই।

মেলায় একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করতে এসে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, এদেশের মানুষ সংস্কৃতিমনা। তাই তারা এ ধরনের কোনো আয়োজন দেখলেই উৎসাহে ঝাঁপিয়ে পড়েন।

“এখানে এসে খুব ভালো লাগছে। মেলার একটি অংশ সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়ায় বরং ভালো হয়েছে। যেভাবে মেলার পরিধি বৃদ্ধি পাচ্ছিল, তাতে একে ছোট স্থানে আটকে রাখা সমীচীন হত না।”

সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্রায় সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকায় সেখানে ভিড় লেগেই আছে।

রোববার মেলার নজরুল মঞ্চে উন্মোচিত হয়েছে ১৬টি নতুন বইয়ের মোড়ক।

এর মধ্যে পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত শিশু লেখক মীম নেশিন নাওয়াল খানের ‘খেয়া এবং’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কথাশিল্পী আনিসুল হক ও এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম।

জনান্তিক থেকে প্রকাশিত কমরেড আবদুশ শহীদের ‘কারাস্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কামাল লোহানী।

একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, মেলার নবম দিনে ৭৮টি নতুন বই এসেছে। এর মধ্যে রয়েছে কবিতা ১৬, উপন্যাস ১৬, গল্প ১৪, প্রবন্ধ ৫, ধর্মীয় ৪, সায়েন্স ফিকশন ৪, জীবনী ৩ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ২টি বই।

বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ওস্তাদ মোমতাজ আলী খান’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন বাবু রহমান, তপন বাগচী এবং সাইম রানা। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।

বইমেলা এবার সোহরাওয়ার্দীতেও