২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: বগুড়ায় বিএনপির সমর্থন পরিবর্তন

উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটে বগুড়ার দুই উপজেলায় বিএনপি নেতৃত্বাধীন জোট চেয়ারম্যান পদে প্রার্থীর সমর্থন পরিবর্তন করেছে।

বগুড়া প্রতিনিধি

মো. ইমতিয়াজ হাসান

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার বগুড়ার স্থানীয় এক হোটেলে কেন্দ্রীয় ও জেলা নেতাদের এক বৈঠকে শেরপুর ও ধুনট উপজেলার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু।

মাহফুজুর রহমান জানান, ধুনটে তৌহিদুল ইসলাম মামুনের বদলে নতুন করে সমর্থন দেয়া হয় অ্যাডভোকেট শাহজাহান আলীকে এবং শেরপুরে জামায়াত নেতা দবির উদ্দিনের বদলে দেয়া হয় মাহবুবুর রহমান হাবিবকে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা, বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান প্রমুখ।

মাহফুজ বলেন, গত ৩ ফেব্রুয়ারি বিএনপি কার্যালয়ে ১৯ দলের সভায় মনোনয়ন বোর্ড ধুনটে চেয়ারম্যান পদে তৌহিদুল ইসলাম মামুন ও শেরপুরে দবির উদ্দিনকে মনোনয়ন দেয়।

ওইদিনের বৈঠকে ঘোষণাটি দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

নতুন মনোনয়নের ব্যাপারে জেলা বিএনরি যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন বলেন, “দল যেহেতু মনোনয়ন আমাকেই দিয়েছে এবং জেলা থেকে এখনও কোনো চিঠি পাইনি, অতএব আমিই দলের মনোনীত প্রার্থী হিসেবে এখনও মাঠে রয়েছি।”

দবির উদ্দিন বলেন, “আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন নিয়েই মাঠে নেমেছি, মাঠে আছি। নির্বাচন করবই।”

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম আর ইসলঅম স্বাধীন জানান, “আগের মনোনয়ন হয়েছিল জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের একক সিদ্ধান্তে, যার প্রতিবাদ করেছিলাম আমি।”

তাই নতুন এ মনোনয়ন ঠিক হয়েছে বলে তিনি মনে করেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হবে।