নারী পর্যটকের মৃতদেহ অভিভাবককে হস্তান্তর
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার করা নারী পর্যটকের মৃতদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রোববার দুপুরে মৃতদেহ গ্রহণ করেন চিকিৎসক এই মেয়েটির চাচা চাঁদপুরের মতলব উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া।
কক্সবাজার সদর থানার এসআই কামাল আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে হোটেল রেজিস্টারে উল্লেখ করা মোহাম্মদ আলমগীরের মেয়ে আসমা-উল সুলতানা (৩০) পরিচয়টি ঠিক আছে বলে জানান মৃতদেহ গ্রহণকারী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া।
তিনি বলেন, তার ভাইয়ের মেয়ে আসমা ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
তবে আসমা আত্মহত্যা করতে পারেন না বলেও মনে করেন তিনি।
জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আসমা বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশে বের হন। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আসমার নিখোঁজের ব্যাপারে ঢাকার খিঁলগাও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আসমার স্বামী ইঞ্জিনিয়ার মাহদি মাসুম বা শ্বশুরপক্ষের কেউ যোগাযোগ করছেন না। বিষয়টি সন্দেহজনক বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘বীচ সিটি রিসোর্ট’ হোটেলের ১১০নং কক্ষে আসমার মৃতদেহ পাওয়া যায়।
লাশ উদ্ধারের সময় ‘আত্মহত্যার দাবি’ সম্বলিত একটি চিরকুট পাওয়া যায় তার কক্ষে।
