যুদ্ধাপরাধীদের বিচার কবে শেষ হবে বলা সম্ভব নয়: আইনমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচার কবে শেষ হবে তা ‘সুনির্দিষ্টভাবে’ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “১৯৭১ সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার একটি চলমান প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালদ্বয়ের প্রদত্ত রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আপিল শুনানি সাপেক্ষে মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি হয়।”
নেত্রকোনা-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এ অবস্থায় সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কবে নাগাদ বিচারাধীন যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্ত হতে পরে।”
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এরমাধ্যমে জাতির কাছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির বিষয়ে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা যায়।”
সাংসদ সাধন চন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলায় কর্মরত আইন কর্মকর্তাদের (পিপি/স্পেশাল পিপি/অতিঃপিপি/এপি ও জিপি/এজিপি) কর্মদক্ষতা সম্পর্কে মূল্যায়নের পদক্ষেপ নেয়া হয়েছে।
“এজন্য সংশ্লিষ্ট আদালতগুলোর জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যৌতুক নিরোধ আইনের আওতায় দেশে বর্তমানে ৪৬ হাজার ৭৫৪টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।”
