২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিদ্যুৎ কর্মকর্তাকে খুনের স্বীকারোক্তি ছিনতাইকারীর

ছিনতাইয়ের জন্যই নগরীর সিআরবিতে হাটহাজারী পাওয়ার গ্রিড কোম্পানির কর্মকর্তা চম্পক দেওয়ানজীকে খুনের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 08:10 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুইয়ার আদালতে দেয়া জবানবন্দিতে সাবেদ আলী মনা (১৮) এই স্বীকারোক্তি দেন বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ জানিয়েছেন।

গত ১৩ জানুয়ারি নগরীর সিআরবি এলাকায় উদ্ধার করা হয় হাটহাজারী পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) চম্পকের লাশ।

তিনি নগরীর মুরাদপুর এলাকা থেকে ওইদিন ভোরবেলা ব্যায়াম করতে বাইসাইকেলে চেপে সিআরবি এলাকায় গিয়েছিলেন।

শনিবার রাতে সিআরবি এলাকা থেকে সাবেদকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। রোববার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  মনা নগরীর বিআরটিসি বস্তির আব্বাস আলীর ছেলে। তার বাড়ি নোয়াখালীতে।

কোতোয়ালি থানার এসআই সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘মনাসহ তিন ছিনতাইকারী শুধু টাকার জন্যই এ ঘটনা ঘটায়। নেশা করে টাইগার পাস এলাকা দিয়ে সিআরবিতে যাবার পথে চম্পকের সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়।

“ধাক্কাধাক্কির এক পর্যায়ে চম্পকের বাম বগলের নিচে ছুরিকাঘাত করে। পরে সাইকেল, মোবাইল ও মানিব্যাগ নিয়ে তারা চলে যায়।”

এসআই সঞ্জয় বলেন, খোয়া যাওয়া সাইকেল উদ্ধার এবং অন্য দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।