‘জাজ’ পদবির ব্যবহার নিয়ে প্রশ্ন
নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ‘জাজ’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে।
রুলে সুপ্রিম কোর্টের বিচারক নয়, এমন কারো নামের আগে ‘জাজ’ যুক্ত না করতে সংশ্লিষ্ট সবার প্রতি সার্কুলার দিতে আইন সচিবকে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের মাসিক আইন পত্রিকা ‘বাংলাদেশ লিগ্যাল ডিভিশন’র সম্পাদক মো. তাহা মোল্লার নামের আগে পদবি ‘জাজ’ না লিখতে অন্তর্বর্তীকালীন আদেশ দেয় আদালত।
আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের মাসিক আইন পত্রিকা বাংলাদেশ লিগ্যাল ডিভিশনের (বিএলডি) সম্পাদক মো. তাহা মোল্লাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিট আবেদনটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
রিট আবেদনে বলা হয়, বিএলডিতে মো. তাহা মোল্লার নামের আগে ‘জাজ’ শব্দ ছেপে বিবাদীরা সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুসারে ‘জাজ’ বলতে কেবল সুপ্রিম কোর্টের বিচারকদের বোঝায়।
“এই টার্ম ব্যবহারের মাধ্যমে বিবাদীরা সুপ্রিম কোর্টের জাজদের সম্মানহানি করেছেন।”
এক প্রশ্নের জবাবে মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘জাজ’ বলতে সুপ্রিম কোর্টের জাজদেরকেই বোঝানো হয়। অন্য কেউ চাইলে ‘ডিস্ট্রিক্ট জাজ’ ইত্যাদি লিখতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৯৪৪ ঘ.
