২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গগুলো প্রকৌশলী রহিমের

টাঙ্গাইল সদরে গত দুদিনে উদ্ধার করা অঙ্গ-প্রত্যঙ্গগুলো এক ডিপ্লোমা প্রকৌশলীর বলে সনাক্ত করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 05:05 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

নিহত আব্দুর রহিম মোল্লা (২৫) বরিশালের বানাড়িপাড়া উপজেলার কাজলাঘাট গ্রামের প্রয়াত আবদুল জলিল মোল্লার ছেলে। তিনি নরসিংদীতে একটি টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

রোববার দুপুরে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো সনাক্ত করেন তার ভাই আব্দুর রুবেল মোল্লা।

শনিবার সকালে টাঙ্গাইল সদরের কাগমারা এলাকা থেকে রুবেলের ধড় উদ্ধার করা হয়। রোববার সকালে জেলা সদর পানির ট্যাঙ্কির পাশে রাস্তায় পাওয়া যায় তার মাথা, দুই হাত ও দুই পা।

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গত দুদিনে পৃথক স্থানে থেকে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি। পরে তার ভাই এসে লাশ সনাক্ত করেন।

নিহতের ভাই আব্দুর রুবেল মোল্লা জানান, তার বড়ভাই ডিপ্লোমা প্রকৌশলী পাশ করে নরসিংদীতে একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন। গত বুধবার তিনি টাঙ্গাইলে আসেন বলে ফোনে তাদের জানিয়েছিলেন।

বৃহস্পতিবার বিকালে তিনি ফোনে জানান, খুব বিপদে আছেন। তাকে আটকে রাখা হয়েছে। ৮০ হাজার টাকা বিকাশের মাধ্যমে একটি নম্বরে পাঠানোর জন্য বলেন। দুদফায় ঐ নম্বরে ১৬ হাজার টাকা পাঠানোও হয়।

কিন্তু এরপর থেকে তার ভাইয়ের ও বিকাশে টাকা পাঠানো ঐ নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।

শনিবার মৃতদেহ দেখে তিনি তার ভাইকে চিনতে না পেরে থানায় সাধারণ ডায়েরি করেন। রোববার মাথা দেখে ভাইকে সনাক্ত করেন।

তার ভাইকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।