‘যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যা’
চাঁদপুরের কচুয়া উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে চাঙ্গিনা গ্রামে দগ্ধ হন সীমা রানী দাস (২৩)। রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সীমা কুমিল্লার বড়ুরা উপজেলার বাতেশ্বর গ্রামের দুখিরাম দাসের মেয়ে। সাত বছর আগে চাঙ্গিনা গ্রামের শীতল চন্দ্র দাসের ছেলে কেশবের সঙ্গে তার বিয়ে হয়। কিশোর চন্দ্র দাস (৫) নামের একটি ছেলেও রয়েছে এই দম্পতির।
স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে সীমা ও কেশবের মধ্যে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে কেশব সীমার গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সীমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই সীমার স্বামী কেশব চন্দ্র দাস পলাতক রয়েছেন বলে ওসি জানান।
স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে সীমাকে পুড়ে মেরেছে কেশব।
নিহতের বড় ভাই বিজয় চন্দ্র দাস মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন, বলেন ওসি।
