বাগেরহাটে ডলফিন ও তিমি রক্ষায় বিশেষ প্রদর্শনী
ডলফিন ও তিমি রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ভৈরব নদে শুরু হয়েছে ভাসমান নৌকায় বিশেষ প্রদর্শনী।
‘ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি’ নামের একটি আন্তর্জাতিক সংগঠন এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীটির আয়োজক।
আয়োজকরা জানান, নানা কারণে বাংলাদেশ উপকূলের পরিবেশ ডলফিনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই মংলা থেকে খুলনা পর্যন্ত বিভিন্ন ঘাটে মাসব্যাপী মোট ত্রিশটি প্রদর্শনীর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার ভৈরব নদের মাঝিঘাটে প্রদর্শনীর নৌকাটি রাখা হয়, যাকে ডলফিন ও তিমি বিষয়ক ছোট একটি ‘জাদুঘরে’ রূপান্তর করা হয়েছে।
এতে রয়েছে ডলফিনের কংকাল, দাঁত, ছবির মাধ্যমে ডলফিন ও তিমি চেনার উপায়, বিভিন্ন ধরনের ডলফিনের প্রতিকৃতি, ডলফিন রক্ষায় করণীয় বিষয়ক মতামত।
এছাড়া সুন্দরবনে ডলফিনের তিনটি অভয়ারণ্যের মানচিত্র, মানুষের সাথে স্তন্যপায়ী এই প্রাণীর সম্পর্ক ও সাদৃশ্য বিষয়ক তথ্যচিত্র, এদের জীবনযাত্রা ও উপকারী কার্যক্রম বিষয়ক তথ্য ইত্যাদি।
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যের এই প্রদর্শনী শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়।
ব্যতিক্রমী এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিকেলে কথা বলেন প্রকল্পের শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির পরিচালক এলিজাবেথ ফাহর্নি মানসুর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশ বছরেরও বেশি সময় তারা সুন্দরবনসহ বঙ্গোপসাগর উপকূলে ডলফিন ও তিমি নিয়ে গবেষণা করছেন।
তবে বাংলাদেশে ২০১২ সাল থেকে ডলফিন ও তিমি নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ শুরু করেন তারা বলে জানান তিনি।
ফাহর্নি মানসুর বলেন, “জেলেদের জালে শিকার হিসেবে ধরা পড়া এবং সুন্দরবন ও উপকূলীয় সাগর এলাকায় পানিতে পরিবেশ দূষণের মাত্রা বাড়তে থাকায় এ এলাকার তিমি ও ডলফিনের জীবন এখন ঝুঁকির মুখে।”
তিনি জানান, কেবল সুন্দরবনের পূর্বাঞ্চলের এলাকাগুলোতেই বছরে গড়ে অন্তত বিশটি ডলফিন জেলেদের জালে কিংবা চরে আটকে মারা যায়।
৬ ফেব্রুয়ারি মংলা থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি ২ মার্চ খুলনায় শেষ হবে।
ফাহর্নি মানসুর বলেন, “ধারাবাহিক গবেষণার বিভিন্ন উপাত্তকে সুন্দরবন ও সাগরে আসা জেলে, সংলগ্ন এলাকার গ্রামীণ মৎস্যজীবী, শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে।”
রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একইস্থানে প্রদর্শনীটি চলবে। এরপর রাতেই প্রদর্শনীর নৌকাটি বাগেরহাট সদর ছাড়বে বলে আয়োজকরা জানিয়েছেন।
