২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মং সার্কেলের রাজপুন্যাহ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে পালিত হয়েছে মং সার্কেলের রাজপুন্যাহ। 

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 10:19 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এটি আদিবাসী মং সার্কেলের অষ্টম রাজ পরিবারের পঞ্চম রাজপুন্যাহ উৎসব, যাতে মং রাজা আনুষ্ঠানিকভাবে ফসল ও ভূমির বার্ষিক খাজনা আদায় করেন।

শনিবার সকাল ১০টায় জেলা সদরের অদূরে মং রাজবাড়িতে খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানের শুরুতেই ঐতিহ্যবাহী পোশাক ও কোমরে স্বর্ণখচিত তলোয়ারসহ রাজ-পুলিশের ‘গার্ড অব অনার’ নিয়ে বিশেষভাবে নির্মিত মঞ্চে অতিথিদের নিয়ে আরোহন করেন রাজা সাচিংপ্রু।

উৎসবে রাজার কাছে জুম খাজনা আদায় ও নজরানা প্রদান করেন ৮৮ জন হেডম্যান ও প্রায় আটশ’ জন কার্বারী। পরে জেলার সব হেডম্যান ও কার্বারীদের পক্ষ থেকে রাজাকে সম্মানসুচক ‘স্বর্ণখচিত তলোয়ার’ উপহার দেয়া হয় ।

এদিকে, মং জনগোষ্ঠির রাজপুন্যাহকে ঘিরে খাগড়াছড়িতে ছিল উৎসবের আমেজ। শহরতলীর মং রাজবাড়িটি পাহাড়ি ও বাঙালিসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সাচিংপ্রু  চৌধুরী তার বক্তব্যে পার্বত্য চট্রগ্রামের ঐতিহ্যবাহী প্রথাগত প্রতিষ্ঠানকে সচল রাখতে সরকারের আন্তরিকতা ও সহায়তা কামনা করেন। এসময় তিনি পার্বত্য এলাকার হেডম্যান ও কার্বারীরা যাতে সুষ্ঠুভাবে বিচারিক সুবিধা দিতে পারেন সেজন্য অফিস ভাতা বৃদ্বিসহ নানা অসুবিধা দূর করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উৎসবে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া এতে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী জেলা চেয়ারম্যান চাইথোঅং মারমা, সদর অঞ্চলের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আলী রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো. মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও ইউএনপিডির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবার্ট স্টলম্যান্টসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।