সংসদীয় কমিটির বৈঠকের যাত্রা শুরু করছে সংসদ কমিটি
মানিকমিয়া এভিনিউ ও নাখাল পাড়ায় ‘সংসদ সদস্য ভবনে’ দশম সংসদের সাংসদদের ফ্ল্যাট বরাদ্দ দিতে রোববার বৈঠকে বসছে সংসদ কমিটি।
দশম জাতীয় সংসদের কোনো সংসদীয় কমিটির এটাই প্রথম বৈঠক।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুর দেড়টায় সংসদ কমিটির এ বৈঠক বসবে।”
গত ৫ ফেব্রুয়ারি প্রধান হুইপ আ স ম ফিরোজকে প্রধান করে সংসদ কমিটি গঠন করা হয়। ওইদিন কার্যউপদেষ্টা কমিটি, কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি, এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়।
সংসদ কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুস শহীদ, নূর-ই আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, আসলামুল হক, মাহবুব আরা গিনি, নাজমুল হক প্রধান, তালুকদার মো. ইউনূস ও পঞ্চানন বিশ্বাস।
এই কমিটি সংসদ সদস্যদের আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি দেখভাল করে।
সংসদ কমিটির বৈঠকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মানিক মিয়া এভিনিউ ও নাখাল পাড়ার সংসদ সদস্য ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফ্ল্যাট বরাদ্দ নিয়ে আলোচনা এবং সংসদ কমিটির সাব-কমিটি গঠন নিয়ে বৈঠকে আলোচনা হবে।”
সাংসদদের ‘ওরিয়েনটেশন’
দশম জাতীয় সংসদে প্রথমবারের মতো আসা সাংসদদের কার্যপ্রণালি বিধি ও সংসদীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে ‘ওরিয়েন্টশন প্রোগ্রাম’ করছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
