২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ২ ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে শিবির

রাজশাহীতে রাতের আঁধারে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 01:43 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

আহতরা হলেন- হাসান আলী (২৮) ও আরিফুল ইসলাম আকাশ (১৮)। আকাশ মতিহার থানা (উত্তর) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর হাসান একই কমিটির সদস্য। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নতুন বুধপাড়া এলাকায় এ হামলা হয় বলে মতিহার থানার ওসি শামসুর নুর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই এলাকা জামায়াত-শিবির অধ্যুষিত। শিবির কর্মীরা এ হামলা চালিয়েছে বলে আহতরা পুলিশকে জানিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে শিবিরের তিন সদস্য তাদের ছাত্রলীগের রাজনীতি ছাড়তে বলে হুমকি দিয়েছিল।

“দলীয় কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে নতুন ধুবপাড়া নজিরের মোড়ে পৌঁছালে মুখোশধারী ৮/১০ জন শিবির কর্মী ‘নারায়ে তাগবির’ বলে আমাদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে রাস্তার পাশে ফেলে যায়।”

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও প্রস্তুতি সভা শেষে রাতে দুজন বাড়ি ফিরছিলেন বলে জানান আকাশ।