ছুটির দিনে জমজমাট বইমেলা
মেলা শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের আগমনে অমর একুশে গ্রন্থমেলা যেন পরিনত হয় জনসমুদ্রে। বেচা-বিক্রিও হয়েছে আগের দিনগুলোর তুলনায় কয়েকগুণে।
ছুটির দিনের অবসরে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন প্রাণের মেলায়। বাবা-মায়ের হাত ধরে আসে ছোট্ট শিশুও।
তবে এবার বাংলা একাডেমি চত্বর ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে মেলা বিস্তৃত হওয়ায় ভিড় ততোটা ভোগান্তিতে ফেলেনি ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের।
শিশুদের বইয়ের অধিকাংশ দোকানই বসেছে নজরুল মঞ্চের পাশে। তাই খুদে পাঠকদের সঙ্গে নিয়ে আসা বাবা-মাকে সেদিকেই যেতে হয়েছে।
মঞ্চের পাশেই কথা হয় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সুহানের সঙ্গে। বাবা-মায়ের সঙ্গে বই কিনতে এসেছে সে।
সুহানের পছন্দ রূপকথার বই। তিনটি রূপকথার বইও কিনেছে সে।
সুহানের বাবা আনোয়ার হোসেন বলেন, “কর্মব্যস্ত দিনে বাচ্চাদের নিয়ে আসার জন্য সময় থাকে না বলেই মেলায় আসার জন্য ছুটির দিনটি বেছে নিয়েছি। কিন্তু ভিড়ের কারণে কোথাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না।”
প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী কমল সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সম্প্রসারণকে স্বাগত জানান।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার মেলায় ক্রেতা-দর্শকের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বিক্রিও হচ্ছে বেশ।
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘লীলাবতীর মৃত্যু’ এবারের মেলায় প্রকাশ করবে অন্য প্রকাশক।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রকাশনা সংস্থা নান্দনিকের ব্যবস্থাপক সুব্রত শুভ এবারের মেলা নিয়ে বেশ আশাবাদী।
এ বছর বিভিন্ন লেখকের মোট ৪৩টি বই বেরোচ্ছে তাদের প্রকাশনা থেকে। ইতোমধ্যেই ২৯টি নতুন বই মেলার স্টলে হাজির করেছে নান্দনিক।
মেলা শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে লোকসমাগম ও বেচা-বিক্রিতে সন্তুষ্ট সুব্রত।
লেখকদের মধ্যে মেলায় এসেছিলেন হাবীবুল্লাহ সিরাজী, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।
ছুটির দিনে মেলার চিত্র কেমন- প্রশ্ন করলে ইমদাদুল হক মিলন বলেন, “আজই প্রথমবার এসেছি। এসেই মনটা ভালো হয়ে গেলো। কারণ প্রচুর মানুষের সমাগম ঘটেছে। তারা বই শুধু দেখছেনই না, কিনেও নিচ্ছেন।”
লেখক আনিসুল হক বলেন, “অনেক পাঠকের দেখা পাচ্ছি। বই বিক্রিও ভালো হচ্ছে। সব মিলিয়ে ছুটির দিনে জমে উঠেছে মেলা।”
মোড়ক উন্মোচন ও নতুন বই
শুক্রবার মেলার নজরুল মঞ্চে ২৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়।
একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক মুর্শিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার মেলায় ১৭৩টি নতুন বই এসেছে।
এর মধ্যে গল্প ২২টি, উপন্যাস ৩১টি, প্রবন্ধ ১১টি, কবিতা ৩২টি, গবেষণা ৩টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৭টি, জীবনী ৭টি, মুক্তিযুদ্ধ ৬টি, নাটক ২টি, বিজ্ঞান একটি, ভ্রমণ ৯টি, ইতিহাস ৪টি, রাজনীতি ২টি, স্বাস্থ্য একটি, কম্পিউটার ২টি, রম্য ৬টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ২টি, বৈজ্ঞানিক কল্পকাহিনী একটি এবং অন্যান্য বিষয়ের উপর ১২টি নতুন বই এসেছে।
এ নিয়ে মেলার প্রথম সপ্তাহে মোট ৪৬৩টি নতুন বই এসেছে বলে জানান তিনি।
