পটুয়াখালীতে পুত্রের হাতে পিতা খুন
পটুয়াখালীর দুমকী উপজেলায় পিতাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
শুক্রবার দুপুরে দুমকির উত্তর মুরাদিয়া গ্রামে নিজ বাড়িতে এ হামলায় নিহত হন হরিনাথ খাশকেল (৭০)।
ঘটনাস্থলে যাওয়া দুমকি থানার এস আই হেমায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে হরিনাথ খাশকেলের কাছে কিছু টাকা চায় তার ‘বখাটে’ ছেলে সঞ্জয় খাশকেল।
বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুজনের কথা কাটাকাটি হয়।
এ সময় বাবা হরিনাথ উত্তেজিত হয়ে গালমন্দ করলে ঘরে থাকা দা দিয়ে ছেলে সঞ্জয় উপর্যপরি কুপিয়ে হত্যা করে হরিনাথকে।
এ সময় হরিনাথের চিৎকারে প্রতিবেশীরা এসে সঞ্জয়কে ধরে পুলিশে খবর দেয়।
দুমকি থানার ওসি মো. জিয়া উদ্দিন জানান, তুচ্ছ ঘটনায় নিজের ছেলে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে। ছেলে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে।
