২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাশেম খান ও ইকবালের চিত্রকর্মের প্রদর্শনী শুরু

শিল্পী হাশেম খান ও মোহাম্মদ ইকবালের চিত্রকর্ম নিয়ে ধানমণ্ডির গ্যালারি টোয়েন্টিওয়ানে শুরু হয়েছে মাসব্যাপী চিত্র প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 11:36 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির সাতমসজিদ রোডের লিলি তাজ ভবনে অবস্থিত গ্যালারি টোয়েন্টিওয়ানে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। আগামী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক হাশেম খান বলেন, এখানে শুধু সাধারণ চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। মানুষ দেখে যাতে উপলব্ধি করতে পারেন সেজন্য এটা করা হয়েছে।

এবারের প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মে কোনো ক্যাপশন রাখা হয়নি।

এ বিষয়ে হাশেম খান বলেন, “আমি চাই আমার ছবিগুলো নিয়ে দর্শক তাদের নিজের মতো করে ভাবুক, তাই কোনো ক্যাপশন নেই। কারণ এ অস্থির সমাজে-পৃথিবীতে আমি মনের প্রশান্তির জন্য ছবি আঁকি।”

গ্যালারি টোয়েন্টিওয়ানের নির্বাহী পরিচালক শামিম সুব্রানা বলেন, এবারের প্রদর্শনীতে গুণী দুই শিল্পীর প্রায় অর্ধশত চিত্রকে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে ২০টি চিত্রকর্ম শিল্পী মোহাম্মদ ইকবালের।

প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সিমিন হোসেন রিমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কবি রবিউল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।