২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লেগুনাচালক হত্যা: সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার 

৫ জানুয়ারির নির্বাচনের পরদিন বিরোধীজোটের হরতালে চট্টগ্রামে বোমায় দগ্ধ হয়ে লেগুনা চালকের মৃত্যুর ঘটনায় নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক টিংকু দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 08:20 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর বন গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৬ জানুয়ারি পলিটেকনিক এলাকায় পেট্রোল বোমা ছুড়ে লেগুনাচালক মিতুল হত্যামামলার প্রধান আসামি টিংকু দাশ।

“তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও বোমাবাজির ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা রয়েছে।”

এছাড়াও তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচনের পরদিন রাতে পলিটেকনিক এলাকায় গাড়িতে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয় লেগুনা চালক মিতুল। ১০ জানুয়ারি ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

১৪ জানুয়ারি নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার তিন ছাত্রদল নেতা তাদের নির্দেশে গাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয় বলে আদালতে জবানবন্দি দেয়।