রাজশাহীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
রাজশাহীর পুঠিয়ায় এক যুবককে গলাকেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
নিহত সজীব (১৮) চারঘাট উপজেলার চৌমহনী গ্রামের ফজলুর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলারদিঘলকান্দি গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুঠিয়া থানার ওসি আবু ওবাইদা খান জানান।
তিনি বলেন, আমবাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
গামছা ও মাফলার দিয়ে তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।
তার অটোরিকশা পাওয়া যায়নি বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
