২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে হামলাকারীদের গ্রেপ্তার দাবি সাদা দলের

হামলার চার দিনের মাথায় সংবাদ সম্মেলন করে সন্ত্রাসীদের গ্রেপ্তার চাইলেও সান্ধ্যকোর্সের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

রাবি শিক্ষকরা যেখানে একাট্টা

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ অবস্থান তুলে ধরেন তারা, যদিও ঘটনার পরদিন শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সায় দিয়েছিলেন এসব শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এনামুল হক বলেন, গত রোববার ছাত্রলীগের হামলার সময় আইনশৃঙ্খলাবাহিনী আন্দোলনকারী ছাত্রদের রক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি। বরং তাদের ওপর গুলিবর্ষণ ও কাঁদুনে গ্যাস ছুড়েছে।

“তাদের উপস্থিতিতে সেদিন অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করলেও তারা ছিলো নির্বিকার।”

পুলিশ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ না নিয়ে উল্টো কয়েকশ’ সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

হামলার সময় যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের ছাত্রত্ব বাতিল ও মামলায় আসামি করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

আন্দোলনকারীরা শিক্ষকদের প্রতিপক্ষ নয় মন্তব্য করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আহ্বান জানান অধ্যাপক এনামুল হক।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আজহার আলী বলেন, “যারা নৈরাজ্য  ও অস্থিতিশীলতা তৈরি করেছে, যারা ক্যাম্পাসে অস্ত্র উঁচিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।”

তবে সান্ধ্যকোর্স চালুর পক্ষে অবস্থান ব্যক্ত করে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের এই নেতা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অধ্যাপক মু. আজহার আলী, এম. এ. হাসেম, এম নজরুল ইসলাম , সি এম মোস্তফা, এম এনামুল হক, বেলাল হোসেন, নিজাম উদ্দিন, হাছানাত আলী, মাইন উদ্দীন, কে বি এম মাহবুবুর রহমান, এ.বি.এম শাহজাহান, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত রোববার ছাত্রলীগকর্মীরা অস্ত্র হাতে দফায় দফায় হামলা চালায়। পাশাপাশি পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী।

এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। রোববারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ মোট ছয়টি মামলা করে যাতে আসামি করা হয় মোট ৪৭৫ জনকে।