২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা সরকারের কাছে নেই

একাত্তরে কতজন বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা করেছিল, তার কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 05:46 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

তবে এই তালিকা তৈরির চেষ্টা চলছে বলে বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সংসদ অধিবেশনে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা তার মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই। তবে সঠিক তালিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আগামী জুনের মধ্যে এই তালিকা প্রকাশের আশাবাদ প্রকাশ করেন মোজাম্মেল হক।

একাত্তরের নয় মাসব্যাপী যুদ্ধে অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। এর মধ্যে ডিসেম্বরে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের দুদিন আগে একসঙ্গে অনেককে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল। তাদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদে জানান, সব উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এরই মধ্যে পাঁচটি উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণ শেষ হয়েছে। ৫৮টি উপজেলায় কাজ চলছে।

১ হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০১৫ সালের জুন মাসে শেষ হবে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় দেশের ২৬৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

মোজাম্মেল হক আরো জানান, মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য ‘বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি’ প্রবর্তন করা হয়েছে। ২০১২ সালে যারা এইচএসসি পাস করেছে তাদের প্রথম ব্যাচ ধরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মাসিক ১ হাজার টাকা করে দেয়া হবে।

এছাড়া মুক্তিযুদ্ধের ওপর দেশের অভ্যন্তরে পিএইচডি করার জন্য প্রতিবছর ২ জনকে এই বৃত্তি দেয়া হবে বলেও জানান তিনি।