২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই-টেক পার্ক স্থাপনে বাধা কাটল

গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম হাই টেক পার্ক স্থাপনে হাই কোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 04:53 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এর ফলে দেড় দশক আগের এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে আইনগত বাধা থাকবে না বলে জানিয়েছেন মামলার আইনজীবী।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট ওই প্রকল্পের ডেভেলপার নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল। আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন ওই আদেশ স্থগিত করে দিয়েছে। এখন প্রকল্পের কাজ এগিয়ে নিতে আর কোন বাধা থাকলো না।”

আদেশের প্রতিক্রিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই টেক পার্ক ছিলো আমাদের স্বপ্নের একটা প্রকল্প। শেখ হাসিনা তার প্রথম আমলে এই প্রকল্পের কাজ করতে চেয়েছিলেন। মাঝে অন্য সরকার এসে প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যায়নি। এরপর বাধা হয়ে দাঁড়ায় আদালতের নিষেধাজ্ঞা। এখন সেই নিষেধাজ্ঞাও খারিজ হলো।

“আমাদের দেশ হচ্ছে তৃতীয় বৃহত্তম ফ্রি ল্যান্সারের দেশ। এই প্রকল্প বাস্তবায়ন হলে এটি আমাদের তথ্য প্রযুক্তি বিকাশের মডেল হিসাবে বিবেচিত হবে।”

২০১২ সালের ১৫ মার্চ সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

প্রতিমন্ত্রী জানান, ওই সিদ্ধান্তও এখনো বহাল আছে।

“আমরা সময় বলছি না, তবে ইতিমধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করে দিয়েছি। দ্রুততম সময়ের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২২৬ কোটি টাকার কালিয়াকৈর হাই-টেক পার্ক উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেয়।

মামলার নথিতে বলা হয়, “ওই পার্ক স্থাপনে ডেভেলপার নিয়োগে আগ্রহপত্র (ইওআই) আহ্বান করলে ১৬ প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। যাদের ৭টিকে প্রস্তাবনার অনুরোধ (আরএফপি) দেয়া হয়। তিনটি প্রতিষ্ঠান প্রস্তাবনা জমা দেয়। পরে হাই টেক পার্ক কর্তৃপক্ষ বাংলাদেশ মালয়েশিয়া যৌথ প্রতিষ্ঠান কেটিপিসি-এসপিএল-এলওই-কেএইচএল কনসোর্টিয়ামের সঙ্গে দাপ্তরিক সমঝোতা করে কাজ প্রদানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।

“২০১২ সালের ৩ অক্টোবর ওই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা সভায় প্রস্তাবিত রাজস্ব বন্টনে সরকারের প্রাপ্যতার হার বৃদ্ধিসহ বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকা করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

“বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, কনসোর্টিয়ামের সদস্য প্রতিষ্ঠান খানসন্স হোল্ডিংয়ের পরিচালক বজলুর রহমান খান ও একেএম আজিজুর রহমান খানসন্স টেক্সটাইলের কারণে ঋণখেলাপি। ঋণখেলাপি থাকায় ভেটিং’র জন্য প্রেরণের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ভেটিং ছাড়াই নথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে ফেরত পাঠায়।

“পরে ২০১৩ সালের ৬ অক্টোবর ক্যাবিনেট কমিটি অন ইকোনোমিক অ্যাফেয়ার্স ডেভেলপার নিয়োগে চলমান প্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগের নির্দেশনা দেয়। ৭ নভেম্বর নতুন নিয়োগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া নিয়ে হাই কোর্টে রিট করে। পরে ১৮ নভেম্বর হাই কোর্ট রুল জারির পাশাপাশি ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করে।”’

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ ওই আদেশ দেন।

কনসোর্টিয়ামের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রকল্প সমন্বয়ক আবদুল্লাহ সাদি ওই রিট আবেদনটি দায়ের করেন।

রিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ, কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালককে (অর্থ ও প্রশাসন) বিবাদী করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুরাদ রেজা বলেন, “হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাই। গত ২৮ জানুয়ারি প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করে দেয়।”

হাই টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়, কালিয়াকৈর হাই টেক পার্ক বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত হাই টেক জোন। ১৯৯৯ সালের ১৭ ‍জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিনিয়োগ বোর্ডের একটি সভায় কালিয়াকৈরের সারফেস স্যাটেলাইট স্টেশনের ২৩২ একর জমিতে এই পার্ক স্থাপনের সিদ্ধান্ত হয়।