রাতভর অভিযানে মাগুরায় গ্রেপ্তার ৬৭
কয়েকটি মামলার আসামিদের ধরতে রাতভর অভিযান চালিয়ে মাগুরায় ৬৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তবে এদের সবাইকে বিএনপির নির্দোষ কর্মী-সমর্থক বলে দাবি করেছে জেলা বিএনপির সভাপতি।
বুধবার রাত থেকে সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায় পুলিশ বলে জানিয়েছেন মাগুরা গোয়েন্দা পুলিশের এসআই বদরুজ্জামান।
এ সময় আটকদের কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার মতো মাদকও পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এদের মধ্যে রয়েছেন-সাজাপ্রাপ্ত চার জন। এছাড়া গ্রেপ্তারি পারোয়ানা রয়েছে ৩৯ জনের এবং ২৪ জন নিয়মিত মামলার আসামি।”
তবে মাগুরা জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ অভিযানের নামে তাকে হয়রানি করা অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার ভোরে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে তার বাড়িতে অভিযান পরিচালিত হয়। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
কবির মুরাদ দাবি করেন, ‘বিনা কারণে পুলিশ তাকেসহ দলীয় নেতা-কর্মীদের হয়রানি করছে।’
“গত রাতে পুলিশ তাকে সহ বিএনপির নিরিহ নেতা-কর্মী, সমর্থকদের বাড়িতে- বাড়িতে অভিযান চালিয়েছে। এ সময় বিএনপির নির্দোষ ৬৭ কর্মী-সমর্থকে আটক করেছে”, বলেন তিনি।
এ অভিযোগ অস্বীকার করে জেলার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, “বিনা কারণে কাউকে আটক করা হয়নি।
“আটককৃত সবার নামেই সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।
“এছাড়া এদের মধ্যে কেউ-কেউ সাজা পারোয়ানার পলাতক আসামি।”
বিএনপি নেতা কবীর মুরাদের বাড়িতে অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “মামলা থাকলে তার বাড়িতে তো পুলিশ যাবেই।”
কবীর মুরাদের নামে ৮-৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃত সবাইকে বৃহস্পতিবার আদালতে পাঠায় পুলিশ।
