২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে প্রতিমা ভাংচুর, আটক ৩

নীলফামারীর জলঢাকা পৌর এলাকায় সরস্বতী প্রতিমা ভাংচুরের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 09:12 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শহরের চেরেঙ্গা মাস্টার পাড়ার পুলিন চন্দ্র রায়ের বাড়ির প্রতিমা ভাংচুর করা হয়।

আটকরা হলেন ডাকুরডাঙ্গা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী রেহেনা বেগম (৪৫), তার ছেলে রায়হান (১৮) ও একই গ্রামের হামিদুলের স্ত্রী  নাজনীন (২৫)।

পুলিনের স্ত্রী গীতা রানীর দাবি, সকালে তাদের পাশের এলাকার আমিনুর রহমানের স্ত্রী রেহানা বেগমসহ দুই নারী জগদীশ চন্দ্রের বাঁশঝাড় থেকে খড়ি কুড়াতে আসেন।

খড়ির সাথে দুটি শুকনো বাঁশের গোড়া কেটে নিলে জগদীশ চন্দ্র বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেহেনা, তার ছেলে রায়হান ও অন্য নারীসহ প্রায় ৩০-৪০ জনর একটি দল সরস্বতী পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমার মাথা ভেঙে দেয় বলে অভিযোগ করেন গীতা।

এ অভিযোগ অস্বীকার করে আটক রেহানা জানান, তারা প্রতিমা ভাঙেননি।

“বাকবিতণ্ডার মধ্যে কে বা কারা প্রতিমার মাথা ভাংচুর করে। আর দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে,” বলেন রেহানা।