২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলছাত্র খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 07:59 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার সকালে সদর ইউনিয়নের ভিংরাবো এলাকায় একটি আবাসিক প্রকল্পের ভেতর নাঈম ইসলামের (১৬) লাশ পাওয়া যায়।

নাঈম ভিংরাবো এলাকার আব্দুল আউয়ালের ছেলে এবং স্থানীয় জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার দুই সহপাঠী মারুফ ও হাবিবুর রহমান মাসুমকে আটক করেছে পুলিশ।

তার বাবা আব্দুল আউয়াল জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে নাঈমকে তার বাসা থেকে মোবাইল ফোনে সহপাঠী মারুফ ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

মারুফ তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নাঈমকে জবাই করে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ক্রিকেট খেলা অথবা প্রেমঘটিত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে তার সহপাঠী ও শিক্ষকরা ভিংরাবো এলাকায় রূপগঞ্জ-খিলক্ষেত-ঢাকা সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে।

খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।