২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল

আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠ অভিমুখে নেমেছে মানুষের ঢল।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 09:06 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতেকর এই বিশ্ব সম্মিলনের দ্বিতীয় পর্ব।

আয়োজক কমিটির এক মুরুব্বী জানান, ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

প্রতিবারের মতো এবারো টঙ্গীর পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে শনিবার মধ্যরাত থেকেই। ফলে মুসল্লিদের পায়ে হেঁটে ইজতেমাস্থলে আসতে হচ্ছে।

সকাল ৮টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ মাঠের আশেপাশের রাস্তা ও অলি-গলিতে অবস্থান নিয়েছেন।

কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েছেন অনেকে। সড়কের পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ এবং রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহন ও তুরাগ নদীতে নৌকার ওপরও অবস্থান নিয়েছেন মুসল্লিরা।

আখেরি মোনাজাতের জন্য রোববার ইজতেমা মাঠের আশে-পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস-আদালতেও ছুটি ঘোষণা করা হয়েছে।