ঘুড়ি উৎসবে মেতেছে কক্সবাজার
রঙ-বেরঙের ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে শুক্রবার দুদিনব্যাপী জাতীয় ঘুড়ি উৎসব শুরু হয়েছে।
বিকালে কক্সবাজার সমুদ্র্র সৈকতে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সৈকতে ড্রাগন কাইট, সিরিজ কাইট, ট্রেন কাইট, পকেট কাইট, স্ট্যান্ড কাইটসহ নানা রংবেরঙের ঘুড়ির সঙ্গে মেতে উঠেছে সবাই।
এছাড়া রয়েছে ফানুস উড়ানো, লায়ন ড্যান্স, জর্বিং বল এবং সমুদ্রের ঢেউয়ের চূড়ায় বাজিকরি ক্রীড়া উৎসব।
এবারের ঘুড়ি উৎসবের স্লোগান হলো ‘প্রকৃতি পরিবেশ রক্ষার দায়িত্ব সবার, ধর্ম যার যার উৎসব আনন্দ সবার’।
বাংলাদেশ ঘুড়ি ফেড়ারেশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা বেনু সাংবাদিকদের বলেন, “চীন, সাংহাই ও সিঙ্গাপুরে অনেক রঙ-বেরঙের ঘুড়ি কিনেছি এবং তা আকাশে উড়িয়ে অনেক আনন্দ পেয়েছি। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়।”
ঘুড়ি উৎসবের দ্বিতীয় দিনে হট এয়ার বেলুন উড্ডয়ন, ঘুড়ি কাটা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকবে বলে তিনি জানান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেন, ঘুড়ি যেমন আকাশে ওড়ে, তেমনি আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনা যুদ্ধাপরাধী রাজাকারমুক্ত আকাশে উড়বে।
যারা মুক্তিযুদ্ধকে মানতে চায় না, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই।
“ঘুড়ি উড়ানো আমাদের জাতীয় জীবন ও সংস্কৃতিতে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি আমাদের অর্থনীতি ও সংস্কৃতি বিকাশে ভূমিকা রেখে যাচ্ছে,” বলেন ইনু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখরুজ জামান খান কবির, চীনের রাষ্ট্রদূত লি জুন, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ, জ্যোর্তিবিজ্ঞানী দীপেন ভট্টাচার্য, ওয়ালটনের উপ-পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রমুখ।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি এ আর খান জানান, উৎসবে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। উৎসবের সমাপনী দিনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় থাকছে ঘুড়ি কাটাকাটি, শিশু ও মহিলাদের ঘুড়ি ওড়ানো এবং উন্মুক্ত আধুনিক ঘুড়ি উড্ডয়ন প্রতিযোগিতা।
এই তিনটি প্রতিযোগিতায় বিজয়ী নয়জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
