দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
রাজধানীর হাতিরঝিল ও পোস্তগোলায় ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে দুটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই বাঁধন রানা নামে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়।
আহত তিনজনের মধ্যে হৃদয় নামের এক কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই মোটরসাইকেলে থাকা ইমরানও আহত হয়েছে।
ওসি জানান, চার বন্ধু মিলে হাতিরঝিলের রাস্তায় দুটি মোটর সাইকেল চালাচ্ছিল তারা। এক পর্যায়ে দুটি মোটরসাইকেলই দুর্ঘটনায় পড়ে।
নিহত রানার বাবার নাম আবেদ আলী, বাড্ডা নতুন বাজার এলাকায় তাদের বাসা।
আর আহত হৃদয় গুলশান মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র। রানা তার সহপাঠী কি-না তা জানা যায়নি।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ঢালে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আল আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় সুমনা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
তিনি জানান, পেশায় ব্যবসায়ী আল আমিনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে, ঢাকায় থাকতেন গেণ্ডারিয়ায়।
