২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের জন্য জমি বরাদ্দ হচ্ছে

প্রস্তাবিত ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 05:36 PM

ভবনটির নকশা, পরিকল্পনা ও সম্ভাব্য ব্যয় নিয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল পাঠাতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইন্দিরা গান্ধী কেন্দ্রসংলগ্ন স্থানে ভবনটির জন্য জমি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ভবন হবে দ্বিতলবিশিষ্ট, যার প্রতি তলার আয়তন হবে ৭ হাজার বর্গফুট।

২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বাংলাদেশ ভবন স্থাপনের প্রস্তাব দেয়া হয়। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেন মনমোহন।

এরই ধারাবাহিকতায় গতবছর ফেব্রুয়ারিতে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দাশগুপ্তের বৈঠকে বাংলাদেশ ভবন নির্মাণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়।

প্রতিনিধি দল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনের পর প্রস্তাবিত স্থান নির্ধারণ, পারিপার্শ্বিকতা, ভবনের আকার, নকশা ও নির্মাণের সম্ভাব্য ব্যয় ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করে।

শিক্ষাসচিব বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক থাকবে ভবনটিতে।

এছাড়া রবীন্দ্রনাথের বাংলাদেশে অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্রও স্থান পাবে এখানে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নিয়ে গবেষণা ও জ্ঞানার্জনের মূলকেন্দ্রে পরিণত হবে ‘বাংলাদেশ ভবন’।