রাজশাহীর সেই ক্লিনিকে এবার ব্যবসায়ীর মৃত্যু
রাজশাহীর ডলফিন ক্লিনিকে এবার পা ভাঙার চিকিৎসা নিতে গিয়ে মারা গেলেন শিবগঞ্জ বণিক সমিতির সহ-সভাপতি।
নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডলফিন ক্লিনিকে বুধবার রাতে আনোয়ারুল হক টিপু (৩৫) নামের এই ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের আজগর আলীর ছেলে।
গত ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াত কর্মীরা তার ডান পা ভেঙে দেয়। পায়ের অপারেশন করার জন্য মঙ্গলবার আওয়ামী লীগের রাজনৈতির সঙ্গে জড়িত এই ব্যবসায়ীকে এ ক্লিনিক ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার স্ত্রী শারমিন আক্তার।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে করা মামলায় শারমিন ক্লিনিকের মালিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক শামিউল উদ্দিন আহমেদ শিমুলের নাম উল্লেখ্য করে অজ্ঞাত তিন চিকিৎসক ও সেবিকাকে আসামি করেন।
নিহতের স্ত্রী শারমিন বলেন, “বুধবার রাত ৯টার দিকে পায়ে অস্ত্রোপচারের জন্য টিপুকে অপারেশন থিয়েটারে নেয়ার পর ১৫ থেকে ২০ মিনিট পর ডাক্তার শামিউল ও ডাক্তার সাঈদ আহমেদ অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসেন।
“এ সময় তারা কোন কিছু না বলে ক্লিনিক থেকে বের হয়ে যায়।
“এর পর পরই ক্লিনিক থেকে নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারী বের হয়ে চলে যায়। যাওয়ার সময় এক কর্মচারী বলে যায় রোগী মারা গেছে।”
এ ক্লিনিকের মালিক ডাক্তার শিমুলের বাড়ি শিবগঞ্জ এলাকায় হওয়ায় তার কাছে চিকিৎসা নিতে আসেন বলে জানান শারমিন।
শারমিনের মামলার কথা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, “রোগীর স্বজনদের কান্নাকাটিতে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারে।
“পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ক্লিনিকে গিয়ে অপারেশন থিয়েটার থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।”
ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর এ ক্লিনিকে ভাঙা হাতের অপারেশন করাতে এসে মারা যায় ১১ বছর বয়সী শিশু মোস্তাকিন। সে ঘটনায় নিহতদের বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাংচুর চালায়। সেসময় এক চিকিৎসকসহ তিনজনকে আটক করা হলেও অনানুষ্ঠানিক সমঝোতার ভিত্তিতে তাদের ছেড়ে দেয় পুলিশ।
