২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট স্ট্যাটাস নিয়ে উদ্বিগ্ন বিএনপি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় টেস্ট ক্রিকেট নিয়ে তিন প্রভাবশালী দেশের প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন বিরোধিতা করে, সে আহ্বান জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 11:20 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার দলের পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক বিবৃতিতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানান।

ক্রিকেটের তিন পরাশক্তি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রভাব বলয়ে থাকা  আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির তৈরি খসড়া প্রস্তাবে রাজস্ব বন্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়।

পাশাপাশি র‌্যাংকিংয়ের ৯ ও ১০ নম্বর দেশকে টেস্ট খেলতে না দিয়ে সহযোগী দেশগুলোর সঙ্গে আইসিসি কন্টিনেন্টাল কাপে খেলানোর প্রস্তাব রাখা হয়।

এর প্রেক্ষিতে বিসিবিকে দুইটি  প্রস্তাব দেয় বিএনপি।

প্রস্তাব দুইটির প্রথমটি হচ্ছে- আইসিসি সভায় প্রস্তাবিত দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ম্যাচ পদ্ধতি বাতিলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা ডেকে লিখিত বিরোধীতার সিদ্ধান্ত গ্রহণ ও সেই সিদ্ধান্তের বিষয়বস্ত জনসমুক্ষে প্রকাশের পাশাপাশি বিসিবির ওয়েব সাইটে প্রকাশ করা।

এবং  দ্বিতীয়টি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস রক্ষায় প্রয়োজনে বিসিবিকে প্রস্তাবের বিরোধী দেশগুলোকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকা দেশগুলোর সমর্থন পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ।

বাংলাদেশের ক্রিকেটারদের টেস্ট স্ট্যাটাস রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিসিবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব। পাশাপাশি বিবৃতিতে দেশের ক্রিকেট প্রেমী জনগণের অনুভূতির প্রতি সহানুভূতি ও একাত্মতা প্রকাশ করেন তিনি।