খেজুর রস চুরির জেরে ছাত্র নিহত
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় খেজুর রস চুরির জেরে ধারালো অস্ত্রের কোপে এক কলেজ ছাত্র মারা গেছে।
মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কাঠালিয়া পিজিএস কারিগরী কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহত মো. রুবেল মৃধা উপজেলার বারবাকপুর গ্রামের আবুল বাশার মৃধার ছেলে।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, “সপ্তাহ খানেক আগে রস চুরির ঘটনা নিয়ে একই গ্রামের শাহ আলমের ছেলে শাহজালালের সাথে রুবেলের বিরোধ সৃষ্টি হয়।
“এ বিরোধের জেরে গত সোমবার সকালে বাড়ির সামনে শাহজালাল ধারালো অস্ত্র দিয়ে রুবেলের মাথায় কোপ দেয়।”
গুরুতর আহত অবস্থায় রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
এ ঘটনায় শাহজালালের স্ত্রী মুক্তাকে (১৯) আটক করা হয়েছে।
