রামপালে ট্রাকের ধাক্কায় নিহত ৩
বাগেরহাটের রামপালে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরেহী তিন জনের মৃত্যু হয়েছে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভরসাপুর এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান ওই তিনজন ।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম আরিফ হোসেন (২৫)। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে।
তার সঙ্গী নিহত অন্য দুজনের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মংলা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে চালক আরিফসহ তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
