২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাচারকারী ধরতে গিয়ে ৩ পুলিশ গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের ধরতে অভিযানে গিয়ে গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 03:07 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

আহতরা হলেন- টেকনাফ থানার এসআই মো. নুরুন্নবী ও নয়ন বড়ুয়া এবং কনস্টেবল আফজাল। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান।

এ সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরিদর্শক দিদারুল বলেন, মালয়শিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জড়ো করার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

মোহাম্মদ ফয়েজ নামে একজনকে ধরে থানায় আসার পথে পাচারকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিন পুলিশ গুলিবিদ্ধ হন।

ফয়েজের বিরুদ্ধে একটি হত্যা ও দুটি মানবপাচারের মামলা রয়েছে। তার বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ পরিদর্শক জানান।