পদ্মায় মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি
রাজশাহীর পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া তিন জেলেকে জাল-নৌকাসহ ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ।
তাদের ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য শুক্রবার সকালে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া এলাকার তিন জেলেকে ধরে নিয়ে যায়।
আটককৃতরা হলেন বেড়পাড়া এলাকার পিয়ালমের দুই ছেলে আলী হোসেন (১৮) ও শাহীন আলম (১৫) এবং শাহজাহানের ছেলে আব্দুল মমিন (১৮)।
রাজশাহী ৩৭ বিজিবির অপস অফিসার (অতিরিক্ত পরিচালক) মেজর মোহাম্মদ বশির আহমেদ জানান, রাতেই মদনহাটি বিএসএসফ ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে।
“অবৈধ অনুপ্রবেশের কারণে বিএসএফ তাদের আটক করেছে।”
তবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ছাড়িয়ে নিয়ে আনার চেষ্টা চলছে।
সকালে চিঠি পাঠানো হলেও শুক্রবার দুপুর পর্যন্ত বিএসএফ-এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি জানান তিনি।
আলী হোসেনের মা মর্জিনা বেগম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ছোট নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায় ওরা তিনজন।
তারা ভারতীয় সীমানার কাছাকাছি পৌছলে ওপারের (ভারত) মদনহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নৌকা ও জালসহ তাদের তিনজনকেই ধরে নিয়ে যায়।
ধরা পড়ার পর রাত ১০টার দিকে আলী হোসেনের মোবাইল ফোনে এ কথা জানালে তারা বিজিবির সাহায্য চান বলে জানায় মর্জিনা।
পদ্মা পুরোটায় বাংলাদেশী সীমানায় ছিল উল্লেখ করে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “গত ২/৩ বছরের অব্যাহত ভাঙনে ৫/৬ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা প্রায় অর্ধ কিলোমিটার ভারতের মধ্যে ঢুকে গেছে।
“এ কারণে ভুল করে জেলেরা মাছ মারতে মারতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে।”
