কুড়িগ্রামে বাড়িঘরে অগ্নিসংযোগ ‘জামায়াতের’
কুড়িগ্রাম সদরে ওয়াজ মাহফিলে উস্কানি দেয়ার পর আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগ করার এবং অন্তত আড়াইশ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের বিরুদ্ধে।
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
বুধবার গভীর রাতে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারোডোব গ্রামে এই হামলা চালানো হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. রুহানী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, রাতে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের সদস্য মাওলানা আব্দুল বারি।
তিনি তার বক্তব্যে এই সরকারকে ভারতের দালাল এবং নাস্তিক বলে আখ্যায়িত করেন।
এছাড়া কোরআন শরীফ নিয়ে সরকারি দলের নেতাকর্মীদের জড়িয়ে উস্কানিমূলক বক্তব্যও দেন।
তাই এই সরকারের দালালদের বিরুদ্ধে জিহাদ করা ‘ফরজ’ বলে তিনি মন্তব্য করেন।
এরপরই মাহফিলে থাকা জামায়াত-শিবিরের সমর্থকরা পাশের আওয়ামী লীগ নেতার ঘর বাড়িতে আগুন লাগায়।
স্থানীয় ছোলজার হোসেন জানান, ডা. মোক্তার হোসেন ওরফে মোক্তার মেম্বারের (হলোখানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার) নেতৃত্বে শতাধীক জামায়াত-শিবিরের নেতাকর্মী গভীর রাতে অতর্কিত হামলা চালায়।
তিনি পরিবার নিয়ে পালিয়ে বাঁচলেও তার আড়াইশ’ গাছ কেটে ফেলেছে তারা। এছাড়া দুটি ঘর ও খড়ের গাদা জ্বালিয়ে দিয়েছে।
হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছোলজার হোসেন, আওয়ামী লীগকর্মী দেলোয়ার ও নুর ইসলামের কয়েকটি ঘর ও খড়ের গাদা পুড়ে যায় বলে তিনি জানান।
